ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনার দাম দেশের বাজারে কমে গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এ দর আজ শুক্রবার থেকে কার্যকর হবে। এর আগে বুধবার সংগঠনটি সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল, যা বৃহস্পতিবার কার্যকর হয়েছে। যদিও শুক্রবার থেকে আবার নতুন দামে কেনাবেচা হবে।
বাজুস গতকাল সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৪০০ টাকা বাড়ালেও আজ অবশ্য আরও বেশি কমিয়েছে, যা পরিমাণে ১ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ বাজুস সোনার দাম যতটা বাড়িয়েছে, তার চেয়ে সাড়ে ৩০০ টাকা বেশি কমিয়েছে। তাতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। গতকাল বাড়ানোর পর প্রতি ভরি সোনার দাম উঠেছিল ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। এটিই দেশের বাজারে এখন পর্যন্ত সোনার অলংকারের সর্বোচ্চ দাম।
বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সে কারণে নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে।