ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির সময় লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) সদরের চররুহিতা ইউনিয়নের চরমন্ডল থেকে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে তাঁদের গ্রেপ্তার করেন পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক এ তথ্য জানান।
জানা যায়, চরমন্ডল থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবায় কল করে পাশ্ববর্তী শামীম পাটোয়ারীর বাড়িতে অস্ত্রসহ ডাকাত প্রবেশের কথা জানায়।
বাড়ির লোকজনের চেঁচামেচি শুনে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করে রাখে।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, রামগঞ্জ উপজেলার উত্তর টামটা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে হাসান গাজী (২২)। তাঁদের কাছে থেকে এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ইতিমধ্যে ডাকাতির বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। লক্ষীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।