ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা গ্রামের গাজীপুর-বদনীভাঙ্গা আঞ্চলিক সড়কের গোপাটের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মাফিজ মন্ডল (৬৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের বাসিন্দা। তিনি ওই প্রাইভেটকারের মালিক ছিলেন।
স্থানীয়রা জানান, মাফিজ মন্ডল জরুরি কাজে নিজ বাড়ি থেকে প্রাইভেটকার যোগে ঢাকা যাচ্ছিলেন। পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের ডোবায় পড়ে যায়।
পরে স্থানীয়রা প্রাইভেটকারের দরজা ভেঙে দুজনকে উদ্ধার করেন। কিন্তু ঘটনাস্থলেই প্রাইভেটকারের মালিকের মৃত্যু হয়। আর গুরুতর আহত চালককে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিন্টু মোল্লাহ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।