ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুষ্প্রাপ্য হয়ে পড়েছে দেশে ব্যথানাশক ওষুধ মরফিনের। লাভ কম হওয়ায় ওষুধটি উৎপাদনে কোম্পানিগুলোর আগ্রহ কম। আইনি জটিলতার মুখোমুখি হওয়ার ভয়ে ওষুধের দোকানে অনেকে তা রাখতে চান না।
বড়ি বা ট্যাবলেট, সিরাপ ও ইনজেকশন এই তিন উপায়ে মরফিন ব্যবহৃত হয়। মরফিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ক্যানসার রোগীদের ক্ষেত্রে। এ ছাড়া দীর্ঘস্থায়ী ব্যথায় ভোগেন, এমন রোগীদের মরফিন দেওয়া হয়। বড় ধরনের অস্ত্রোপচার যেমন ওপেন হার্ট সার্জারির সময় ওষুধটি ব্যবহার করা হয়। এইডস রোগীদেরও মরফিন ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকেরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবের বরাত দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, দেশে ব্যথানাশক এই ওষুধ বছরে দরকার কমপক্ষে ৬০০ কিলোগ্রাম। রোগীরা পাচ্ছেন ২৩ কিলোগ্রাম, যা প্রয়োজনের মাত্র ৪ শতাংশ। মরফিনের অভাবে বিপুলসংখ্যক রোগী যন্ত্রণা সঙ্গে নিয়ে মারা যাচ্ছেন।