ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছয় লাখ টাকাসহ দুজন নার্সকে আটক করা হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মামলার দুই আসামি হলেন, ওই হাসপাতালের আটক দুই সিনিয়র স্টাফ নার্স মো. আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব আর বাকি এক অভিযুক্ত সাদেক পালাতক রয়েছেন। তাঁদের গত মঙ্গলবার ঘুষের ছয় লাখ টাকাসহ হাসপাতালের জরুরি বিভাগ থেকে আটক করেন ডিজিএফআই সদস্যরা।
ওই তিনজ বিরুদ্ধে চাকরি দেওয়া, বদলি করানো, আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়া, সরকারি ওষুধ বাইরে পাচারসহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জনাব, মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, সাদেকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে ডিজিএফআই সদস্যরা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সকে অর্থসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন।