ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুরে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। এতে তাঁর ডান হাতের কবজি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম হুমায়ুন মাতুব্বর (৩০)। তিনি মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকার রহমান মাতুব্বরের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করেন।
হুমায়ুনের বড় ভাই মো. সুমন মাতুব্বর বলেন, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন হুমায়ুন। গতকাল সন্ধ্যায় গ্রামের বাড়ির কিছুটা দূরে একটি সেতুতে বসে ছিলেন তিনি। তখন দুর্বৃত্তরা হুমায়ুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। কুপিয়ে তাঁর ডান হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, পূর্বশত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটিয়েছেন তারা। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এ এইচ এম সালাউদ্দিন বলেন, এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়। পূর্বশত্রুতার জের ধরে হুমায়ুনের ওপর হয়তো এ হামলার ঘটনা ঘটেছে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।