ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতি করার সময় পাবনার ভাঙ্গুড়ায় তিন যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেতুয়ান গ্রামসহ আশপাশের গ্রামের শত শত মানুষ ওই যুবকদের আটক করে পেটায়।
পুলিশ আজ শনিবার সকালে মরদেহ ও দুইটি তরবারি উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের অষ্টমনীষা বাজার ও চাটমোহর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় ডাকাতি করতে যায় ওই তিন যুবক। এ সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে তারা নৌকা নিয়ে গুমানি নদীতে ফরিদপুরের দিকে রওনা দেয়।
এলাকাবাসীও নদীর পাশ দিয়ে রাস্তায় মোটরসাইকেল ও নৌকাযোগে ওই ডাকাতদের ধাওয়া করে।
ধাওয়াকারীদের চিৎকারে ও বিভিন্ন এলাকায় ফোন দিলে ডাকাতদের নৌকা আটকানোর চেষ্টা করে ভাঙ্গুড়ার সদর ইউনিয়নের নৌবাড়ীয়া ও চরভাঙ্গুড়া গ্রামের মানুষ। তবে তারা ব্যর্থ হন।
পরে দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামের মানুষ ডাকাতদের নৌকা আটক করলে ওই যুবকরা তরবারি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ওই গ্রামের এক যুবক মারাত্মক জখম হন।
পরে ইউনিয়নের বেতুয়ান গ্রামে শত শত মানুষ নদীতে নৌকা আড়াআড়ি করে দিলে ডাকাতদের নৌকা আটকে যায়। তখন ডাকাতরা তরবারি দিয়ে এলাকাবাসীকে এলোপাতাড়ি কোপাতে গেলে জনগণ তাদের পিটিয়ে হত্যা করে।
ভাঙ্গুরা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় তাদের এলাকাবাসী পিটিয়ে ঘটনাস্থলেই মেরে ফেলে।
এ সময় দুটি তরবারি ও নৌকা উদ্ধার করে পুলিশ। নিহতদের ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।