বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৯

এক কিশোরের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আয়োজন করতে গিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মিরাজ (১৭) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বড়ভাই মিনহাজের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটের আনন্দ আয়োজন করতে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রবিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হন মিরাজ।পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।