শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৮

কয়েক কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আনুমানিক ছয় কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের স্বর্ণসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক যাত্রীর নাম রেখা পারভীন।
দুবাই থেকে আসা ওই যাত্রীর কাছ থেকে আট কেজি ২১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলংকার জব্দ করেন শুল্ক গোয়েন্দার বিশেষ টিম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ছয় কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।
বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক জনাবা, ফারহানা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টায় দুবাই থেকে ঢাকায় আসা একটি এয়ারলাইন্সের যাত্রী রেখা পারভীনকে তল্লাশি করে তার সাদা হ্যান্ড ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণ (যাত্রীসহ) গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। গণনা করে ৬৯টি স্বর্ণবার, একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরো ছয়টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। মোট উদ্ধার করা স্বর্ণের বারের ওজন আট কেজি চার গ্রাম, একটি স্বর্ণের চেইন যার ওজন ১১৫ গ্রাম এবং ছয়টি স্বর্ণের চুড়ি যার ওজন ৯৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন আট কেজি ২১৭ গ্রাম। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ছয় কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।
এরপর স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেয়া হয়। পরে ওই যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়।