ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস-পিকআপ ও সিএনজিঅটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জামালপুরে সবজি ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক (৫০) এবং পিকআপ ভ্যানের চালক সুজা মিয়া (৪০)। নিহত আনোয়ার ও শামসুল দুজনই সবজি ব্যবসায়ী।
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সবজিবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ধাক্কা লাগে পিকআপভ্যানের পেছনে থাকা একটি সিএনজির সঙ্গেও। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয় এবং ৬ জন আহত হন।
আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। তবে গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যানের চালক সুজা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও আটক আছে বাসটি এবং বাসের চালক ও হেলপারকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।