ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মিতালী রানী দাস (১৯) নামে চাঁদপুরের হাজীগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মিতালী রানী দাস ওই বাড়ির সুজন চন্দ্র দাসের স্ত্রী।
জানা গেছে, ৭-৮ মাস পূর্বে মিতালীর সঙ্গে সুজন চন্দ্র দাসের বিয়ে হয়। সুজন রাজধানীর একটি সেলুনে কাজ করেন। বাড়িতে শুধু মিতালী ও তার শাশুড়ি থাকেন এবং শাশুড়ি হাজীগঞ্জ বাজারে কাজ করেন। তিনি সকালে যান, বিকালে বা সন্ধ্যায় বাড়িতে আসেন। এ সময়টা বাড়িতে একাই থাকেন মিতালী রানী দাস।
শুক্রবার বিকালে নিজ বসতঘরের সামনে থেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে মিতালী রানী দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ওসি জনাব, মুহাম্মদ আব্দুর রশিদ জানান, মিতালী রানীর লাশ পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।