ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে নাটোরের লালপুরে ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে উপজেলার আজিমনগর স্টেশনসংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্তানের সামনে থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নারী উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের ঝড়ু প্রামাণিক মেয়ে। মৃতের ভাতিজা সাবেক জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্তানের সামনে তার ফুপু ফিরোজা বেগম রেললাইন পারাপারের সময় একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, হারুনুজ্জামান রোমেল বলেন, নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।