শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৭

অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাসমান অবস্থায় ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় যুবকের পরনে ছিল সাদা ট্রাউজার ও ফুল হাতা গেঞ্জি। তবে গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
বুড়িগঙ্গা নদীর প্রথম সেতু পোস্তগোলা ব্রিজের পশ্চিম পাশে কার্নিভাল ক্রুজ ঘাটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি তবে চোখ দেখে বুঝা যাচ্ছে ছেলেটি অন্ধ হতে পারে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশে থানাকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।