শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৮

গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলযোগে নড়াইল থেকে ফরিদপুরের নগরকান্দায় গাঁজা বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক নারীসহ দুই মাদক কারবারি। উপজেলার জয়বাংলা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, নড়াইল সদর উপজেলার মীর্জাপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সাথী আক্তার (৩৫) ও ঝিনাইদাহ সদরের বয়রাতলা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে কামরুল ইসলাম ওরফে মনিরুল (৪৫)।
নগরকান্দা থানার ওসি জনাব, মো. মিরাজ হোসেন জানান, নড়াইল থেকে সাথী আক্তার তার দুই পায়ে অভিনব কায়দায় গাঁজা প্যাকেট বেঁধে রেখে বোরকা পরে মোটরসাইকেলে করে নগরকান্দায় বিক্রি করতে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার দহিসারা এলাকার জয়রাংলা মহাসড়কে অভিযান চালিয়ে সাথী ও তার সহযোগী কামরুলকে আটক করা হয়।
এ সময় ওই দুই মাদক কারবারির কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।