ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তানিয়া আক্তার (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিপুরদীর চৈতী গার্মেন্টস এলাকার ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আল-আমিন নামে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে মদনপুর বারাকাহ হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহত তানিয়া আক্তার মোটরসাইকেল চালকের স্ত্রী।
তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনি মেহাচর এলাকার বাসিন্দা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রেজাউল হক জানান, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বারাকাহ হাসপাতালে নিলে চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আহত আল-আমিনকে ভর্তি করেন। দুর্ঘটনায় দীর্ঘ ২ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।