শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৬

দালাল চক্রের সদস্য আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪।
বৃহস্পতিবার হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সকলেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল বলে জানায় র‌্যাব।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দালালকে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. মাহফুজুল হক এই আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলো, মো. জুয়েল মিয়া (২৬), মোঃ আলাল উদ্দিন (৩২), শামসুল আলম (৪১), বিজয় দাস হরিজন (৪৫), তুষার আহমেদ (২৬), মোঃ রতন মিয়া (৪৭) এবং পাভেল (২৩)।
র‌্যাব-১৪ উপ-পরিচালক অপারেশন অফিসার জনাব, মো. আনোয়ার হোসেন জানান, সম্প্রতি মমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দালালরা রোগীদের সরকারি ওষুধ ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার নামে টাকা হাতিয়ে নেয়াসহ নানাভাবে হয়রানি করে আসছিল।
তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। দালাল চক্র নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।