মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গু টিকার অনুমোদন দিল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবার ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে। জাপানে তৈরি এই টিকা ৬ থেকে ১৬ বছর বয়সীদের ওপর প্রয়োগ করা যাবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
একদিন আগেই ম্যালেরিয়ার টিকার অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই টিকা তৈরি করেছেন। বিশ্বে ম্যালেরিয়া নিয়ে এটি দ্বিতীয় টিকা। তবে এটি স্বল্পখরচে বানানো সম্ভব। জানা গেছে, ইতোমধ্যে বছরে ১০ কোটি টিকা উৎপাদনের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এবার জানা গেল ডেঙ্গু টিকার অনুমোদনের কথা। জাপানের তাকেদা ফার্মাসিউটিকালস এই টিকাটি তৈরি করেছে। নাম দেওয়া হয়েছে কিউডেঙ্গা। গেব্রিয়েসুস বলেন, ডেঙ্গুর প্রকোপ বেশি, এমন অঞ্চলগুলোতে ৬ থেকে ১৬ বছর বয়সীদের ক্ষেত্রে এই টিকা ব্যবহার করা যাবে।
ডেঙ্গু ও ম্যালেরিয়া দুটিই মশাবাহিত রোগ। দেশে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০০ এরও বেশি মানুষ। ডেঙ্গুতে এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মশার আবাসস্থল বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশে দেশে মশাবাহিত রোগ বেড়েই চলেছে।