শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৫

পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ঢাকার কেরানীগঞ্জে ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ । গ্রেপ্তারকৃতরা হলেন, মুক্তা বেগম (৪৫), শাহনাজ বেগম (২৫), নিপা আক্তার (২০), মনি শীল (২১), লাইলী (২৫), মো. সম্রাট খন্দকার (২৫), মো. ওসমান গনি বেপারী (২৫), মো. মিরাজ (২৫), মো. সিদ্দিক (৪০)।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর উপ-পরিচালক (অপ্স ও মিডিয়া) জনাব, আমিনুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার মধ্য রাতে র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।
জনাব, আমিনুল ইসলাম আরো বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বেশ কিছুদিন যাবৎ পরস্পর যোগসাজসে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন এলাকার গরিব, অসহায়, বেকার এবং বিভিন্ন স্কুল/কলেজে পড়ুয়া মেয়েদের উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করতো।
এছাড়াও অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাচার করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।