শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৭

বাসের ধাক্কায় তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত-অটোরিকশা দুমড়ে-মুচড়ে সাবেক সেনা কর্মকর্তা, তার স্ত্রী ও অটোরিকশাচালক নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে ফেনীর নিজকুঞ্জরা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমিতি বাজার-সংলগ্ন স্থানে সিএনজিচালিত-অটোরিকশাটি ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণে চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮) এবং সিএনজিচালিত-অটোরিকশার চালক মনা মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুহুরীগঞ্জ এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশে সিএনজি ফিলিং স্টেশন থেকে বের হয়ে অটোরিকশা ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেনে যাওয়ার সময় দ্রুতগামী একটি পরিবহন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি কয়েকবার উল্টে রাস্তার পাশে পড়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ও আশপাশের লোকজন তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো: রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী রয়েছেন। অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।