ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪১টি গুলি ও ৫৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে এসব ইয়াবা ও অস্ত্র ছাড়াও হিরোইন সদৃশ্য ৭০০ গ্রাম এক ধরনের দ্রব্য পাওয়া যায় যা পরবর্তীতে ল্যাবে পরীক্ষার পর জানা যাবে সেগুলো কোন ধরনের মাদক, এমনটি জানিয়েছেন ডিএনসি।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার একটি ভাড়া ঘর থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করতে সক্ষম হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে এসময় অভিযানে জড়িত কাউকে আটক করা না গেলেও মাদক ও অস্ত্র উদ্ধারের দুটি মামলায় আসামি করা হয়েছে সাতজনকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক জনাব, মো. সিরাজুল ইসলাম মুকুল জানান, মাদকের মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তদন্ত করলেও অস্ত্র মামলাটি তদন্ত করবে পুলিশ।
তবে আসামিদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।