ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজিচালিত অটোরিকশা উল্টে হবিগঞ্জের চুনারুঘাটে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৩৫)।
বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে অজ্ঞাতপরিচয় এক নারী রয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর হবে বলে পুলিশের ধারণা। নিহতদের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের থেকে জানা যায়, অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে চুনারুঘাট যাওয়ার পথে চানভাঙ্গায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. রাশেদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।