শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৭

ইলিশের দাম বেশি ভরা মৌসুমে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইলিশের ভরা মৌসুম চলছে এবং অক্টোবর পর্যন্ত থাকবে এ মৌসুম। দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসছে বড় বড় সাইজের ইলিশ। একই সঙ্গে আড়তগুলোতে বেড়েছে ক্রেতার সংখ্যা। তবে জন্মাষ্টমীর কারণে ইলিশের দাম একটু বেশি। কারণ বন্ধের দিন হওয়ার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাড়ি নিয়ে ইলিশ কিনতে এসেছেন শত শত মানুষ। বাজার তদারকি না থাকায় ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো ইলিশের দাম নির্ধারণ করছেন।
বুধবার দুপুরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে রেল স্টেশনের পাশে দেখা গেল বহু গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। নারী-পুরুষ অনেকেই শুধু চাঁদপুরের ইলিশ নিজে দেখে পছন্দ করে কেনার জন্য এসেছেন। ঢাকা থেকে গাড়ি নিয়ে ইলিশ কিনতে এসেছেন মো. সোহাগ। তিনি বলেন, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ কিনেছি। দাম নিয়েছে প্রতি কেজি ৭৮০ টাকা। প্যাকিং খরচসহ ৮০০ টাকা পড়েছে প্রতি কেজি। তবে আগের চাইতে দাম বেশি। একই সঙ্গে ইলিশ কিনতে আসা আবদুল মান্নান বলেন, ঢাকায় থেকে শুনেছি চাঁদপুরে ইলিশের দাম কম। কিন্তু এখানে এসে দেখি ঢাকার চাইতে বেশি দাম। তারপরেও কিনেছি। খেয়ে বুঝতে পারব, চাঁদপুরের নাকি সাগরের ইলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, এ মাছঘাটে প্রায় ৫০টিরও অধিক মৎস্য আড়ত আছে। এছাড়া ইলিশের ভরা মৌসুম হওয়ার কারণে খুচরা বিক্রেতা আছে আরও কমপক্ষে ৫০ জন। অনলাইনেও অনেকে ইলিশ বিক্রি করেন। তবে বেশ কয়েক জন খুচরা ইলিশ বিক্রেতার সঙ্গে কথা বলে দামের বেশ তারতম্য পাওয়া গেছে। একই ইলিশ প্রতি কেজি ২০০-৩০০ টাকা কম-বেশি দরে বিক্রি করছেন। জেলা সদরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান থাকলেও মাছঘাটে কোনো অভিযান নেই এবং তাই এখানকার ব্যবসায়ীরাই তাদের মাছের দাম নির্ধারণ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, নুর হোসেন জানান, দাম বেশি রাখার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তদারকি অভিযান হয়নি। তবে শিগগিরই করা হবে।