শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪১

অজ্ঞান পার্টির খপ্পরে ফরিদপুরে প্রাণ গেল একজনের।

ডেইলি ক্রাইম বার্তা : অজ্ঞান পাটির খপ্পরে পড়ে ফরিদপুরের বোয়ালমারীতে মোঃ জাহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।
২০ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
নিহত ব্যক্তি জেলার নগরকান্দা উপজেলার চরযোশরদি ইউনিয়নের দহিসারা গ্রামের হাজী আব্দুর রউফ তালুকদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে কর্মস্থলে ফেরার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। অচেতন অবস্থায় গন্তব্য ছাড়িয়ে উপজেলার সহস্রাইল বাজারে পৌঁছালে বাসের কর্মচারী ও সাধারণ যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে একটি ঔষধের দোকানে তাকে নামিয়ে দিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”