ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির পাশের একটি পুকুর থেকে কুমিল্লার চান্দিনায় এক রাজমিস্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের ছাড়াগাঁও নামক পাড়া থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত রাজমিস্ত্রীর নাম মো. আরিফ (৩২)।
সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
চান্দিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জহির উদ্দিন জানান, নিহত মো. আরিফ করতলা গ্রামের ছাড়াগাঁও নামক এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন বলে স্থানীয়রা জানান। গত ২-৩ দিন ধরে তার ভাড়া ঘরের দরজা-জানালা বন্ধ ছিল।
পরে স্থানীয়রা ওই বাড়ির পাশে পুকুরে একটি বস্তা ভেসে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে বস্তাবন্দি অবস্থায় রাজমিস্ত্রী আরিফের লাশ উদ্ধার করেন। লাশের মাথায় আঘাতের দাগ রয়েছে।
তাছাড়া গত ২-৩ দিন যাবৎ রাজমিস্ত্রী মো. আরিফের স্ত্রীকেও এলাকায় দেখা যায়নি। স্ত্রী পালিয়ে গেছেন বলে এলাকাবাসীর ধারণা। এই দম্পতির কোনো সন্তান ছিল না বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।