ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি করে ডিজেল তেল বিক্রির সময় দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী রাজশাহীর গোয়েন্দা শাখার সদস্যরা তারা ট্রেনের পাওয়ার কার থেকে এ তেল চুরি করছিল। এ সময় ৪৫ লিটার রেলওয়ের ডিজেল তেল জব্দ করা হয়। গতকাল রবিবার (৬ আগষ্ট) রাত আটটার দিকে রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়ার আদমদিঘী উপজেলার ছাকনী গ্রামের মৃত তাহের সরদারের ছেলে হেলাল উদ্দিন (৩৭) এবং নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে রোকনুজ্জামান রোকন (৪৫)।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, হারুজ্জামান রোমেল জানান, চুরি করে তেল বিক্রির ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা বাদী হয়ে ঈশ্বরদী রেলওয়ের জিআরপি থানায় অভিযোগ দিয়েছেন। মামলাটি রুজু করে আজ সোমবার (৭ আগষ্ট) সকালে আটক হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।