ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বোরো মৌসুমের জমির ধান কাটার সময় নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে রবিকুল হাসান (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ও হাবুল্লাহ হাসান (২৫) নামের এক কৃষক আহত হয়েছেন।
আজ রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিকুল ও আহত হাবুল্লাহ আপন দুই ভাই এবং একই গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে বিলে জমিতে ধান কাটার কাজ করছিলেন রবিকুল ও হাবুল্লাহ। এ সময় বজ্রপাত ঘটলে আহত হন দু’জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিকুলকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।