ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আশরাফ আলী নামে এক প্রান্তিক কৃষকের বাড়িতে বগুড়ার ধুনট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গরুসহ দুটি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় কৃষক পরিবারটির ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। তারা সর্বশান্ত হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছেন।
রবিবার (১২ মার্চ) ভোর ৪টার দিকে উপজলোর কালেরপাড়া ইউনিয়নের আনারপুর-কচুগাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড হয়। পরে এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা ভালো না থাকায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িঘর পুড়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ এ আগুনে পুড়ে কৃষক পরিবারের টিনের তৈরি দুটি ঘর, আসবাবপত্রসহ ধান, চাল ও নগদ টাকা পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা।
ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুল আলম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। কিন্তু যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িটি পুড়ে গেছে। এ সময় প্রতিবেশীদের বাড়িঘর আগুন থেকে রক্ষা করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরুপণ করা যাবে। তবে স্থানীয়রা ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।