ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের জন্য হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এ পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির পর সারাদেশের তাপমাত্রা আবারও অনেক কমে যেতে পারে। ফলে এ সময় তীব্র শীতের অনুভূতি হবে।
রাজধানীতে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঠান্ডা। কিন্তু এরপর সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত সূর্যের তেজ। ভরদুপুরে নগরবাসীর ঘাম ঝরলেও উত্তরের জনপদ এখনও শীতে কাঁপছে। রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহী ও ঈশ্বরদীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের ১৩ জেলার ওপর বয়ে গেছে শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া বলেন, কুয়াশা চলে যাওয়ায় শুধু ঢাকা নয়, সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।