ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি দোকান আগুনে পুড়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আঁচল বস্ত্রালয় এন্ড কসমেটিকসের স্বত্বাধিকারী দিলীপ কুমার রায়ের ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পাশের উপজেলা কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে দোকানের মালিক দিলীপ কুমার রায় জানান, তীব্র শীতের কারণে সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দিবাগত রাতে কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কমল রায় জানান, এ ঘটনার খবর শোনামাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগেই এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করেন। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।