ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায়। এর মধ্যে টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় বাতাস শুষ্ক এবং শীতের অনুভূতি বেশি। ফলে আগামী কয়েক দিন অঞ্চলভেদে শীতের স্থায়িত্ব বাড়বে। তবে চলতি সপ্তাহে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়লে উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এরপর রাজশাহীতে ১০, যশোরে ১০.২, সাতক্ষীরায় ১০.৫, রংপুরে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য বেশ কম। ফলে দীর্ঘমেয়াদি শীত অনুভব হচ্ছে। নদী অববাহিকা, বনাঞ্চল ও জলাধারের আধিক্য অঞ্চলে ঘন কুয়াশার প্রাধান্য থাকবে।