সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০০

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইঁদুর মারার জন্য পেতে রাখা ফাঁদে প্রিয়লাল রায় সাধু (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে, আর এই ঘটনা বরিশালের উজিরপুরে। গতকাল রবিবার রাতে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক উপজেলার কড়ালিয়া গ্রামের মৃত জগবন্ধু রায়ের ছেলে।
জল্লা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিপুল রায় বলেন, ইঁদুর থেকে ক্ষেতের বীজ রক্ষায় চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন কৃষক সাধু। হঠাৎ অসাবধানতায় নিজেই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ওসি জনাব, কামরুল হাসান বলেন, নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত্যু হয়েছে এ কৃষকের। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।