ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের চতুর্থ ডোজ বুস্টার দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর থেকে। প্রাথমিক অবস্থায় সাতটি সেন্টারে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনানো হয়েছে।
অধ্যাপক আহমেদুল কবীর বলেন, আগামী ২০ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে করোনার চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে। প্রাথমিক অবস্থায় সাতটি সেন্টারে ষাটোর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী নারী, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। প্রতি কেন্দ্রে ন্যূনতম ১০০ জন এ টিকা পাবেন। এসএমএসের মাধ্যমে যাদের নির্বাচিত করা হবে, তারাই কেন্দ্রে যাবেন।