ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাণ্ডব কমছে করোনার ওমিক্রন ধরনের। এক মাসের বেশি সময় পর মৃত্যু এক অঙ্কে নেমে এসেছে। দিনে রোগী শনাক্তের হারও নেমে এসেছে সাতের ঘরে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।
এর আগে গত ২০ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে প্রায় এক মাস পর করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু এক অঙ্কে নেমে এসেছে। সর্বশেষ মৃত ওই ৯ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৭৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৯৫১ জন। তাদের নিয়ে সরকারি হিসাবে মোট শনাক্ত হলো ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৬.৯৪ শতাংশ।