ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিগারেট সেবন নিয়ে দ্বন্ধের জেরে গাজীপুরের শ্রীপুরে সহকর্মী নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। রবিবার শ্রীপুর থানার ওসি জনাব, খোন্দকার ইমাম হোসেন এ তথ্য জানিয়েছেন।
নিহতের নাম- জীবন চন্দ্র বিশ্বাস (২৮)। তিনি ময়মনসিংহের তারাকান্দা থানার শাকেরআঁটি গ্রামের রাজেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।
নিহতের ছোট ভাই সুমন চন্দ্র বিশ্বাস জানান, নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরি করতেন জীবন চন্দ্র বিশ্বাস ও শফিকুল। সিগারেট সেবনকে কেন্দ্র করে গত বুধবার জীবনের সঙ্গে শফিকুলের ঝগড়া হয়। বিষয়টি তাৎক্ষনিকভাবে মিমাংসা করে দেন এইজিস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সুপার ভাইজার রিপন সরকার।
এর জেরে পরদিন বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৭টার দিকে কোম্পানীর কোয়াটারের কক্ষে শফিকুল ছুরি দিয়ে জীবনের তলপেটে আঘাত করে। আশপাশের লোকজন গুরুতর আহত জীবনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান জীবন চন্দ্র বিশ্বাস। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ওসি জানান, সিগারেট সেবন নিয়ে দু’সহকর্মীর মধ্যে এ ঘটনা ঘটেছে। ঘটনার দু’দিন পর পুলিশকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্ত শফিকুল পলাতক আছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।