ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ ভ্যানের ধাক্কায় কক্সবাজারের চকরিয়ায় নিহত হয়েছেন পাঁচ ভাই এবং আহত হয়েছেন আরও দুজন।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্মরণ শীল (৪২), নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৭), চম্পক শীল (৩০) ও প্লাবন শীল (২২)। আহত দুজন হলেন- রক্তিম সুশীল (৩৫) ও বোন হীরা সুশীল (২৭)। তারা চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীরশাহ কাটা গ্রামের ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলেমেয়ে আর ১০ দিন আগে সুরেশ চন্দ্র শীলের মৃত্যু হয়।
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, ভোর পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীরশাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলেমেয়েরা তাদের বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারের দিকে যাত্রা করা একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা। পরবর্তীতে তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ৫ ভাইকে মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, পিকআপটি জব্দ এবং ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।