ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার করোনাভাইরাসের বিস্তার রোধে। স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আপাতত আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ নিজ ক্ষেত্রে একই রকম ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো অর্ধেক জনবল নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জনাব, জাহিদ মালেক গতকাল শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা স্কুল-কলেজ বন্ধ করেছি। সব কিছুই বন্ধ করে দিয়ে দেশকে একেবারে অচল করা যাবে না। অফিস-আদালতে অর্ধেক জনবল দিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। এটার বিজ্ঞপ্তিও শিগগিরই দেওয়া হবে এবং কার্যকর হয়ে যাবে।
স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাসহ পাঁচটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ওই প্রজ্ঞাপন জারির পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে ক্লাস, পরীক্ষা স্থগিত করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে বলে জানা গেছে।