ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এবারও সীমিত আকারে পালন করতে হচ্ছে থার্টিফার্স্ট নাইট করোনা মহামারির কারণে। ইংরেজি বর্ষবরণের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে দেওয়া হয়েছে।
ঢাকার রাস্তায় যানবাহন চলাচলে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার জনাব, শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে বিধিনিষেধ মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।
আজ রাত ৮টা থেকে আগামীকাল ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।
রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১নং রোড ক্রসিং, চেয়ারম্যানবাড়ি ক্রসিং, ঢাকাগেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুনবাজার ক্রসিং এলাকাগুলোতে প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না। তবে এসব এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।
আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি/যানবাহন কেবল পুরনো হাইকোর্ট-দোয়েল চত্বর-শহীদ মিনার-জগন্নাথ হলের দক্ষিণ গেট-পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে পারবে। ওই এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্যান্য সব ক্রসিং বন্ধ থাকবে।
আজ রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বক্শীবাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল/শহিদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো ধরনের যানবাহন প্রবেশ করবে না।
কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনক অবস্থায় গাড়ি চালালে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।