ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২টি ইউনিয়নে ৩য় ধাপে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। আর এ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের সহিংসতা এড়াতে আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে ভাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
রবিবার (১৪ নভেম্বর) বিকালে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এস,আই) সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত দেশীয় অস্ত্র গুলো হলো- ২১টি ঢাল, ৬টি টেটা, ২টি বড় আকারের রামদা, শতাধিক বাশের তৈরী লোহাযুক্ত কালি, ২৫টি বল্লমসহ বিপুল পরিমাণ লাঠি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিকাশ মন্ডল জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে পুলিশ এ অভিযান চালিয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।