শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২০

বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে প্রতারণা এবং আটক হয়েছে দুই ভাই-বোন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জিএমপির টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার রাতে রাজধানীর পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে আটকের পর সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া থানার করফা আতশড়া গ্রামের কামাল গাজীর মেয়ে অন্তরা খানম (২২) ও তার ভাই কারিমুল গাজী (২৬)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) জনাব, মোহাম্মদ ইলতুৎ মিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-পুলিশ কমিশনার জনাব, মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, ফেসবুকে ডিজাইন ফ্যাশন নামে একটি পেইজ খুলে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন অন্তরা খানম। এ কাজে তাকে সহযোগিতা করতেন তার ভাই কারিমুল গাজী। চক্রটি ফেসবুক পেইজে বিভিন্ন সময়ে ধামাকা অফার হট সীমিত সময়ের জন্য পাচ্ছেন ৫০% ডিসকাউন্ট যে কোন ২টি শাড়ি কিনলেন পাচ্ছেন ১০% ছাড়ে ইন্ডিয়ান মসলিন সিল্ক শাড়িসহ আকর্ষণীয় পোশাক বিক্রয়ের লোভনীয় অফার দিত। তাদের দেয়া পোস্টে পণ্য আছে জানিয়ে যোগাযোগ করেন অনেক ক্রেতা। পন্য নিতে হলে ডেলিভারি চার্জ ১৫০ টাকা আগে বিকাশ করতে হবে বলে পোস্টে উল্লেখ করে চক্রটি। পণ্যের মূল্য বাবদ অগ্রিম ৫০ শতাংশ টাকাও পরিশোধ করেন ক্রেতারা। কিন্তু শেষ পর্যন্ত জোটে না কোন পণ্য । অনেক ক্ষেত্রে কাউকে পণ্য দিলেও দেওয়া হয় কমদামি শাড়ি বা জামা।
জনাব, ইলতুৎ মিশ আরও বলেন অনলাইনে পণ্য কিনতে গিয়ে শুধু গ্রাহক নন, প্রতারণার শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। পণ্যের ডেলিভারি চার্জ কিংবা অগ্রিম টাকা পরিশোধ করার পর পণ্য সরবরাহ না করার মত ঘটনা ঘটছে অহরহ। অনেক সময় গছিয়ে দেয়া হচ্ছে নকল পণ্য। ফেসবুকে বিভিন্ন পেজ বা গ্রুপ থেকে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহককে আরো সর্তক হওয়ার পরামর্শ দেন পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জাবেদ মাসুদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।