মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:২২

১০ মণ ওজনের পুরোনো সিন্দুক টাকাসহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আটজন চোর আটকের পর নগদ ৫ লাখ ৭২ হাজার টাকাসহ প্রায় ১০ মণ ওজনের একটি লোহার সিন্দুক উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। বুধবার ভোরে পৌর শহরের চরকাউরিয়া দড়িপাড়ার সুরুজ্জামানের ঘর থেকে সিন্দুকটি উদ্ধার হয়।
জানা যায়, গত রোববার বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া দড়িপাড়া গ্রামের জবেদ আলীর ঘর থেকে প্রায় ২০০ বছরের প্রাচীন একটি লোহার সিন্দুক চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর দড়িপাড়া গ্রামের লিটন, সুজন, ফকির আলী, সহি উদ্দিন, রুবেল, রহমান আলী, বিল্লাল ও রুবেল মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে দড়িপাড়া গ্রামে অভিযান চালিয়ে সুরুজ্জামানের ঘর থেকে চোরাই সিন্দুকটি উদ্ধার করে পুলিশ।
পরে থানা চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও সাংবাদিকদের উপস্থিতিতে সিন্দুকটি খোলা হয়। সিন্দুকের ভেতরে ছিল ৫ লাখ ৭২ হাজার টাকা, প্রাচীন কিছু ধাতব মুদ্রা ও জমির দলিলপত্র।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘টাকাগুলো জব্দ করা হয়েছে। অন্যান্য মালামাল সিন্দুকের মালিককে ফেরত দেওয়া হয়েছে। টাকার বিষয়ে আদালতের সিদ্ধান্ত মোতাকেব ব্যবস্থা নেওয়া হবে।