বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৬

পানিতে ডুবে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জে রাইসা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাইসা আক্তার ওই বাড়ির সিরাজ মিয়ার নাতনি ও খোকন মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশু রাইসা ঘুম থেকে উঠে তার মাকে খুঁজতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পেছনের পুকুরে পা পিছলে পড়ে যায়।
অনেকক্ষণ ধরে মেয়েকে দেখতে না পেয়ে মা লাকী বেগম খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার চিৎকারে বাড়ির লোকজন এসে পুকুর থেকে রাইসাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে শিশুটির চাচা সুমন হোসেন তাকে পার্শ্ববর্তী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকও শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভোলাকোট ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য (ইউপি মেম্বার) মাঈন উদ্দিন কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি মাকে খুঁজতে গিয়ে বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে মারা গেছে এবং এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।