বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২১

জোড়া খুনের ঘটনায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে কুমিল্লার মুরাদনগরে চাচা-ভাতিজার বিরোধকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ২০ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মুরাদনগর থানার ধরানীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন, মঞ্জুরুল আলম তিতু (৩৫) ও খালেদা আক্তার বেবি (৭০)। পুলিশ বলছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযান শুরু করেন।
পুলিশ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার ২০ ঘণ্টার মধ্যে কুমিল্লা শহরের বাদশাহ মিয়া বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। পরে মামলার মূল আসামি ট্রেনযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মূল আসামি মো. মোস্তাক আহাম্মেদ ওরফে আবু (৫৮) ও তার স্ত্রী হনুফা বেগম (৪৫) এবং পালিত কন্যা ইতি (১৮)।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা জনাব, মো. লুৎফর রহমান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।