মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫০

কার্তুজ, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্রসহ একজন গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ শাওন ইসলাম অপু (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন কাউখালী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার জনাব, মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানার পুলিশ ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি দোতলা ভবনের ছাদ থেকে শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৬৯টি শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার অস্ত্রের কভার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাওন ইসলাম অপু কাউখালী থানার শিয়ালকাঠী গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে।
এ বিষয়টি কাউখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইবাদ আলী নিশ্চিত করেছেন।