সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৫

পাচারের আগে কয়েকজন উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের ঠিক আগ মুহুর্তে কক্সবাজারের টেকনাফে মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছেন র‍্যাব-১৫।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জনাব, আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়ায় নুরুল কবিরের বসতবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারী দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করে রাখা পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পাঁচজন ভুক্তভোগী ও জব্দ আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।