রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৭

গরু চুরি করতে গিয়ে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন, আর এ ঘটনা পটুয়াখালীর দশমিনা উপজেলায়। গতকাল শনিবার রাত ৯টার দিকে বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টারবাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল এবং একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির।
স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে তিনজন দৌড়ে পালিয়ে যান। এ সময় শাকিল ও মনিরকে আটক করেন স্থানীয় লোকজন।
পরে স্থানীয়রা দশমিনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে থানায় নিয়ে যায়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।