মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৯

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন। রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক মৎস্য নাটিকা মঞ্চস্থ করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুরে বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যার নেতৃত্বে র‌্যালিটি বের হয়। এতে মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা জনসচেতনতামূলক মৎস্য নাটিকা মঞ্চস্থ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার প্রফেসর ড. এম. মো. মাসুদুল হাসান খান।
এ ছাড়া মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. ফরিদুল্লাহ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।