ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার ও আটক। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত যৌথ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ ও ২২ পিস ইয়াবাসহ দুর্ধর্ষ এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিসহ মোট ১৭ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, আনসার, র্যাব, সিআইসি অফিস এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ২৩০ জন সদস্য এ যৌথ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন জানায়, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, অপহরণকারী, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের আটক ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।