ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর এ ঘটনা নেত্রকোনায়। এ সময় ৭ হাজার পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় সুজন বর্মণের মোটরসাইকেল গ্যারেজের দক্ষিণ পাশের সড়ক থেকে তাদের আটক করা হয়। পরে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল মিয়া (৩৬) এবং একই উপজেলার খাইরুল ইসলামের ছেলে সজীব মিয়া (২৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ ঘটনায় নেত্রকোনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক আল আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন।