ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ব্যক্তিমালিকানাধীন গুদাম (গোডাউন) থেকে ৩৩ টন সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছেন সদর থানা-পুলিশ, আর এ ঘটনা শেরপুরে। এ সময় বস্তা পরিবর্তনকালে হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের চাপাতলী এলাকার একটি রাইস প্রসেসিং মিলে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. মাহমুদুল হাসান।
পুলিশ জানায়, ওই মিলে ৫০ কেজির সরকারি চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।