ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে টাঙ্গাইলের সখীপুরে মুরগি বোঝাই পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত চারজনই মুরগি বোঝাই পিকআপের যাত্রী ছিলেন। গুরুতর আহত ব্যক্তি বাঁশের ট্রাকে ছিলেন।
নিহতরা হলেন, জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্মীতলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়ার মো. এরশাদের ছেলে সাগর (২২), ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)। আহত ব্যক্তি হলেন ঘাটাইলের লক্ষীন্দরের আফসার আলী মন্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।